প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2026 ইং
নোয়াখালীর সোনাইমুড়ীতে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, কারিগর আটক

নিজস্ব সংবাদদাতা :
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম প্রকাশ শাকের হোসেন (৩০)। তিনি উপজেলার দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়ির মৃত মমিন উল্লাহর ছেলে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় ডিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপারের নির্দেশে ও ডিবির ওসির তত্ত্বাবধানে এসআই ওসমান গনির নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওই বাড়ির কাচারী ঘরে অভিযান চালায়। এসময় কারিগর সাইফুলকে আটক করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কাচারী ঘরে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় একনলা বন্দুক, বন্দুকের বাট, ১টি লোহার এলজি বাট, ১টি কাঠের বাট, বন্দুকের বডির ৩টি লোহার অংশ, ৩টি প্লাস, গ্রাইন্ডিং মেশিন, ৩টি রেত, ১টি ট্রিগার, ১টি বোল্ড ও ৮টি এসএস স্টিলের অংশ জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ